মোঃ ছালাম,সিনিয়র রিপোর্টারঃ- পিরোজপুর, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাসহ দু’জনকে আটক করেছে নেছারাবাদ থানা পুলিশ। ১৫ আগষ্ট (শুক্রবার) গভীর রাতে উপজেলার ৮নং সমুদয়কাঠি ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে ওই ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাব্বির তালুকদার (৩০) ও দুপুর ১২ ঘটিকার সময় একই ইউনিয়নের ৯নং ওয়ার্ড শশীদ এলাকা থেকে আওয়ামী লীগ নেতা মোঃ জিয়াউদ্দিন তৌহিদ (৫৮) কে আটক করা হয়। পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন একটি রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। সম্প্রতি তিনি নিজ বাড়িতে ফিরেছেন—এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে মোহ জিয়া উদ্দীন তাওহীদ আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত এবং একজন রাজনৈতিক বিশ্লেষক। তিনি ওই একই এলাকার ওয়ারেস উদ্দীনের ছেলে। পুলিশের ভাষ্য, আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা অমান্য করে দলটির রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান বলেন, আওয়ামীলী ঘোষিত শোক দিবসের পোস্টার লাগানোসহ সরকারবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান থাকবে।
