সংবাদদাতা: মো. রুবেল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় করে মাদক বহনের সময় দেশীয় তৈরি ৪০ লিটার মদসহ মো: রিয়াজ মিয়া (মাদক কারবারি) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। (১৬ আগস্ট ২০২৬) সকাল ১১টা ৫ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে আখাউড়া থানাধীন মনিয়ন্দ ইউনিয়নের টানমান্দাইল শান্তিপুর এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করা হয়। পরে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি ৪০ (চল্লিশ) লিটার মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনের অভিযোগে মো. রিয়াজ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন— মো: রিয়াজ মিয়া, পিতা: মো: তাজুল ইসলাম, সাং- কামালপুর, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদক ও অটোরিকশা বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
