নিজস্ব প্রতিবেদক চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন গড়াইটুপি ইউনিয়নের সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম। এ সময় সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতুরুজ্জামান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশের প্রতি দায়িত্বশীল করে তুলতে বিদ্যালয়ভিত্তিক এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে কর্মসূচিতে অংশগ্রহণ করে এবং নিজেদের বাড়ি ও বিদ্যালয়ের আশপাশে গাছ লাগিয়ে সেগুলোর যথাযথ পরিচর্যার আগ্রহ প্রকাশ করে। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় বিডব্লিউএনআই-এর পরিচালক আহসান হাবীবের প্রতি আয়োজকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। সার্বিকভাবে শিক্ষক-শিক্ষার্থী, অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
