ফয়জুল্লাহ স্বাধীন : রাজধানীর মিরপুরে একটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ মোটরসাইকেলের দুই আরোহীকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। শনিবার রাতে মিরপুর এলাকায় পুলিশের বিশেষ অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে ওই দুই ব্যক্তিকে শনাক্ত করা হয়। পুলিশ জানায়, টহলরত সদস্যরা তাদের গতিবিধি সন্দেহজনক মনে করলে জিজ্ঞাসাবাদের জন্য থামানোর চেষ্টা করে। এ সময় তারা দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ কৌশলে ধাওয়া করে তাদের আটক করে। আটকের পর তল্লাশি চালিয়ে এক আসামির কোমর থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। অপর আসামির কাছে থাকা একটি ম্যাগাজিন থেকে ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে একজন সাইফুল ইসলাম তপু, তিনি মিরপুরের জনতা হাউজিং এলাকায় বসবাস করেন। অপরজন রবিন মিয়া, তিনি শেরেবাংলা নগর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে তদন্ত চলছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, রাজধানীতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
