শিবগঞ্জে ৩ কিলোমিটার রাস্তা কৃষক ও আমচাষিদের ‘মরণফাঁদ’
মোঃ বাবুল হক, চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৩ নম্বর দাইপুখুরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একলাশপুর মৌজায় প্রায় তিন কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার কৃষক, আমচাষি ও সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, রাস্তাটি বর্তমানে চলাচলের জন্য অনেকটা ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। স্থানীয়রা জানান, একলাশপুর মৌজার গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন কৃষকরা তাদের উৎপাদিত ফসল ও আম বাগানের আম পরিবহন করেন। কিন্তু রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত, খানাখন্দ ও কাদার কারণে বর্ষাকালে যানবাহন চলাচল কঠিন হয়ে পড়ে। এতে সময়মতো কৃষিপণ্য বাজারজাত করতে না পারায় কৃষক ও আমচাষিদের অতিরিক্ত ভোগান্তি ও আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে আমের মৌসুমে বাগান থেকে আম পরিবহনের সময় ঝুঁকি আরও বেড়ে যায়। রাস্তার বেহাল দশার কারণে ভ্যান, অটোরিকশা ও ছোট যানবাহন চলাচলে দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে বলে জানান এলাকাবাসী। স্থানীয় কৃষক ও আমচাষিদের দাবি, এলাকার অর্থনীতি ও কৃষিপণ্য পরিবহনের স্বার্থে দ্রুত রাস্তাটি সংস্কার বা পুনর্নির্মাণ করা জরুরি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সরেজমিনে পরিদর্শন করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।