মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার, ময়মনসিংহ নগরীর ব্যস্ততম এলাকা গাঙ্গিনাপাড়ে সড়ক ও জনসাধারণের চলাচলের পথ দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। নগরীর পালিকা মার্কেট, মেছুয়া বাজার ও দুর্গাবাড়ি রোড এলাকায় সোমবার (২৪ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে রাখা বিভিন্ন মালামাল ও আসবাবপত্র জব্দ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জনসাধারণের চলাচলের পথ দখল করে ব্যবসা না করার বিষয়ে সতর্ক করা হয়। অভিযান চলাকালে দেখা যায়, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল ও আসবাবপত্র সড়ক ও চলাচলের জায়গায় রাখায় পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি ব্যস্ত সড়কে যানবাহন চলাচলেও সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা। এতে যানজট ও জনদুর্ভোগ বাড়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান। সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন বলেন, “সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার কারণে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। নগরবাসীর ভোগান্তি কমানো এবং সড়কে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।” তিনি আরও বলেন, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও জনসাধারণের চলাচলের পথ দখল করে ব্যবসা পরিচালনা থেকে সংশ্লিষ্টদের বিরত থাকতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। নগরবাসীর প্রত্যাশা, শুধু অভিযান পরিচালনা নয়, নিয়মিত তদারকি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে গাঙ্গিনাপাড়সহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতগুলো দখলমুক্ত রাখা হবে। এতে পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত হওয়ার পাশাপাশি যানজট ও জনদুর্ভোগও অনেকাংশে কমবে।
