মো: রুবেল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছিনতাই, ডাকাতি, দস্যুতা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধে দায়ের হওয়া ৩৮টি মামলার আসামি রাসেলকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) দুপুর ১২টা ৪০ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুগঞ্জ থানাধীন সোনারামপুর এলাকায় লা ভিডা হাসপাতালের পেছন থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে আশুগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় মোট ৩৮টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ডাকাতি মামলা ৭টি, দস্যুতা মামলা ৭টি, ডাকাতির প্রস্তুতি মামলা ৯টি, বিস্ফোরক আইনে ৫টি, মাদক মামলা ৪টি, অস্ত্র মামলা ৩টি, চুরি মামলা ২টি এবং হত্যা মামলা ১টি রয়েছে। পুলিশের তথ্যমতে, রাসেল দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, দস্যুতা, চুরি ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। গ্রেফতারকৃত রাসেল আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের আব্দুল জলিলের ছেলে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
