
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার একটি বাড়ি থেকে বাবা ও তাঁর দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকেলে যশোরের শার্শা উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামে। ওই গ্ৰামের ভ্যান চালক কামাল হোসেন (৪০) এবং তাঁর দুই ছেলে সাবির (৫) ও জাবিরের (আড়াই বছর) লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে গত এক সপ্তাহ আগে কামাল হোসেনের স্ত্রী দুই সন্তানকে রেখে বাপের বাড়ি চলে যান। ধারণা করা হচ্ছে, দুই শিশুকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর কামাল হোসেন নিজে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে লাশ উদ্ধার করে তদন্ত শুরু করা হয়েছে।