
খন্দকার জলিল, জেলা প্রধান, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের উত্তর হরিদেবপুর গ্রামে ৪ একর ২০ শতাংশ ওয়ারিশী জমির মালিকানা ও দখল নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষের অব্যাহত হুমকি ও জমি ছেড়ে না দেওয়ার ঘটনায় যে কোনো মুহূর্তে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও নিজের নিরাপত্তা চেয়ে গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী মো. মোস্তফা কামাল। জিডি ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর হরিদেবপুর গ্রামের আলাউদ্দিন খানের ছেলে মো. মোস্তফা কামাল তার ওয়ারিশসূত্রে পাওয়া ৪ একর ২০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ফেরত পাওয়ার চেষ্টা করছেন। কিন্তু একই গ্রামের মো. মোশারেফ হোসেন প্যাদা ও তার লোকজন জোরপূর্বক ওই জমি দখলে রেখে নানা অজুহাতে কালক্ষেপণ করে আসছেন। সর্বশেষ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মোস্তফা কামাল তার জমিতে গিয়ে মোশারেফ প্যাদাসহ কয়েকজনকে দখল বুঝিয়ে দিতে বললে প্রতিপক্ষ চরম ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় মোশারেফ প্যাদার দলবল তাকে প্রাণনাশের হুমকি দিয়ে জমি থেকে তাড়িয়ে দেয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় শুক্রবারই মোস্তফা কামাল বাদী হয়ে মো. মোশারেফ হোসেন প্যাদা, মো. সরোয়ার মুসলমান, মো. হারুন মুসলমান, মো. সালাম মুসলমান, মো. শাহজাহান মুসলমান ও মো. শাহ আলম প্যাদার নাম উল্লেখ করে গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ১৯৯, তারিখ: ০৪/০৯/২০২৬) দায়ের করেন। ভুক্তভোগী মোস্তফা কামাল ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় দীর্ঘদিন ধরে ওয়ারিশী জমি বুঝিয়ে না দিয়ে তালবাহানা করছে। বর্তমানে তারা প্রকাশ্যে হুমকি-ধামকি দেওয়ায় যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা বা রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে যেতে পারে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ও কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ জানান, সাধারণ ডায়েরির বিষয়টি তদন্তাধীন। ঘটনার সত্যতা যাচাই এবং জমির দলিল, পরচা ও প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।