
জুয়েল সিকদার স্টাফ রিপোর্টার রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় পরিবহন শ্রমিকদের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও স্বাস্থ্যসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ‘মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন’ (রেজি. নং-২৪০৫)-এর উদ্যোগে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত থেকে পরিবহন শ্রমিকদের হাতে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও সচেতনতামূলক লিফলেট তুলে দেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক মোঃ নিজাম, সড়ক সম্পাদক গোলাম রাব্বি, আরো উপস্থিত ছিলেন পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বাবু, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল শিকদার, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম বাবুল, যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসানসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ। শ্রমিকদের পাশে থাকার আহ্বান কর্মসূচিতে মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন বলেন, “পরিবহন শ্রমিকরা প্রতিদিন প্রচণ্ড রোদ, গরম ও প্রতিকূল পরিবেশে দীর্ঘ সময় রাস্তায় দায়িত্ব পালন করেন। তাদের স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণের বিষয়টি আমাদের গুরুত্বের সঙ্গে দেখতে হবে। শ্রমিকদের পাশে দাঁড়ানো শুধু সংগঠনের দায়িত্ব নয়, এটি আমাদের মানবিক দায়িত্বও।” তিনি আরও বলেন, “তীব্র গরমে শ্রমিকদের পানিশূন্যতা ও অসুস্থতার ঝুঁকি বেড়ে যায়। তাই তাদের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও সচেতনতামূলক লিফলেট বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শ্রমিকদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।” সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, “পরিবহন শ্রমিকরা দেশের যোগাযোগব্যবস্থা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অথচ অনেক সময় তারা নানা স্বাস্থ্যঝুঁকি ও পেশাগত সমস্যার মধ্যে দায়িত্ব পালন করেন। তাদের ন্যায্য অধিকার, পেশাগত নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা জরুরি।” তিনি বলেন, “শ্রমিকদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি তাদের ন্যায্য দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন। আমরা ঐক্যবদ্ধভাবে শ্রমিকদের অধিকার ও কল্যাণে কাজ করে যেতে চাই।” ৭ দফা দাবি উপস্থাপন কর্মসূচিতে পরিবহন শ্রমিকদের অধিকার, পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে ৭ দফা দাবি তুলে ধরা হয়। নেতৃবৃন্দ বলেন, পরিবহন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আয়োজকরা জানান, পরিবহন শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং তাদের কল্যাণে ভবিষ্যতেও বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন বিতরণসহ বিভিন্ন মানবিক ও জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হবে। কর্মসূচিতে নেতৃবৃন্দ পরিবহন শ্রমিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং তাদের স্বাস্থ্য সুরক্ষা, ন্যায্য অধিকার ও জীবনমান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান