আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দলে পটকা মাছ খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় তারিক আজিজ নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার স্ত্রী, মা, এক ছেলে ও এক মেয়ে বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়েছে বলে জানা গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়দল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের সদস্যরা পটকা মাছ খাওয়ার পরপরই একে একে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অসুস্থ তারিক আজিজকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত তারিক আজিজ বড়দল বাজারের একজন মুদি ব্যবসায়ী। তিনি আশাশুনি উপজেলার ফকরাবাদ গ্রামের আতিয়ার গাজীর জামাই। স্থানীয় শরিফুল ইসলাম শরীফ জানান, পটকা মাছ খাওয়ার পরই পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। তবে পটকা মাছ খাওয়ার কারণেই বিষক্রিয়া হয়ে তাঁদের অসুস্থতা ও তারিক আজিজের মৃত্যু হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে চিকিৎসকদের পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত হতে চিকিৎসকদের পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের প্রয়োজন রয়েছে। ঘটনার পর স্থানীয়দের মধ্যে পটকা মাছ খাওয়া নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
