
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের আজগার আলীর ছেলে আব্দুল্লাহ (৮) এবং কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে ইকবাল হোসেন (৭)। স্থানীয় সূত্রে জানা যায়, ইকবাল হোসেন সোনাতলা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা নামাজ আদায় করতে গেলে ওই সময় ইকবাল ও আব্দুল্লাহ বাড়ির পাশের আবুবক্কর শেখের পুকুরের কাছে যায়।একপর্যায়ে অসাবধানতাবশত দুজনই পুকুরের পানিতে পড়ে যায়।বিষয়টি প্রথমে স্থানীয় আকবর গাজীর স্ত্রী নাহার বেগমের নজরে আসে। তিনি শিশু দুটিকে পানিতে দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়রা পুকুরে নেমে দুই শিশুকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়েছে। দুই শিশুর আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে সোনাতলা গ্রাম ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। শিশু দুটির এমন করুণ মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার ও এস আই নিকুঞ্জ রায় ঘটনাস্থল পরিদর্শন করেন।