
নিজস্ব প্রতিবেদক আমাদের বেঁচে থাকা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত প্রয়োজন। বৃক্ষের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরে বৃক্ষরোপণ করলো পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ। বিকাল সাড়ে ৪:০০ ঘটিকায় চুয়াডাঙ্গা সদরের গড়াইটুপি ইউনিয়ানের গোবরগাড়া হতে বিত্তেরদাড়ি রাস্তার উভয় পাশে কয়েক প্রজাতির উদ্ভিদ রোপণ করা হয়। উক্ত কার্যক্রমে গবরগাড়া গ্রামের মানবতার কল্যাণ সংগঠনের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ সংগঠন চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিক ভাবে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করে আসছে। সংগঠনের সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ এর প্রাণিবিদ্যা প্রভাষক আহসান হাবীব শিপলু বলেন গোবরগাড়া হতে বিত্তেরদাড়ি রাস্তাটি মাঠের রাস্তা। বর্তমানে রাস্তাটি পাকা হচ্ছে। আমরা রাস্তার উভয় পাশে যে বৃক্ষ রোপণ করেছি তা আমরা রক্ষনাবেক্ষন করার চেষ্টা করবো। রাস্তার উভয় পাশে গাছ গুলো বড় হলে শুধুই অক্সিজেন দিবে না তার সাথে রাস্তার সৌন্দর্য ও বিভিন্ন পাখির আবাস সৃষ্টি করবে। আমাদের জেলায় এখনও পর্যাপ্ত বৃষ্টিপাত হচ্ছে সেই হিসাবে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো। আসুন আমরা সকলে মিলে বৃক্ষরোপণ করে আমাদের জেলাকে সবুজ, শীতল ও দূষণমুক্ত রাখি। এসময় উপস্থিত ছিলেন রাকিবুল, সাহাবুল, বায়জিদ, নীরব, জনি, মিশাল, শেখ সাদি সহ স্থানীয় ব্যাক্তিবর্গ।