
মোঃ মাজেদুল ইসলাম,জেলা প্রতিনিধি, জামালপুর জামালপুর পৌরসভার রাণীগঞ্জ পতিতাপল্লী এলাকার একটি বসতঘর থেকে ২০ কেজি গাঁজাসহ মো. দুলাল নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত মোঃ দুলালের বর্তমান ঠিকানা রাণীগঞ্জ বাজারের নিষিদ্ধ পল্লী। মাদক বঢবসায়ী দুলালের পিতা মৃত ইসমত আলী ও মাতা সূর্য বেগম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাণীগঞ্জ পতিতাপল্লী এলাকায় দুলালের ৫ নাম্বার বাড়ীর পতিতাবৃত্তির ঘরে গাঁজার পাইকারি ব্যবসা করার তথ্য পাওয়া যায়। পরে সংবাদটি যাচাই করে সত্যতা পাওয়ার পর সোমবার ভোরে বিভাগীয় সহকারী উপ-পরিদর্শক মোঃ আরিফ মিয়া, মোঃ শরিফুল ইসলাম ও মোঃ আকরাম হোসাইনসহ একটি রেইডিং টিম ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে পতিতাপল্লির ৫নাম্বার বাড়ীতে তল্লাশি করে খাটের নিচ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পতিতাপল্লির শীর্ষ মাদক কারবারি দুলালকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে দুলাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জানায়, উদ্ধার করা গাঁজা ইসলামপুর থানার ডিগ্রীরচর ফরাজীপাড়া এলাকার শাহ আলীর কাছ থেকে সংগ্রহ করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)-এর খ ধারার বিধান লঙ্ঘন করে বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা সংরক্ষণের অভিযোগে দুলালের বিরুদ্ধে একই আইনের ৩৬(১)-এর ১৯(গ) ধারায় মামলা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর মোঃ আনোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।