স্টাফ রিপোর্টার: জয়নাল আবেদীন রাজু বরগুনার বেতাগী উপজেলার ৭ নম্বর সরিষামুড়ী ইউনিয়নের গাবতলী গ্রামে ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীকে লাথি মেরে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ফয়সাল নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মুখের সামনের তিনটি দাঁত পড়ে যাওয়ার পাশাপাশি আরও দুটি দাঁত নড়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। স্থানীয় সূত্র ও আহত শিশুটির পরিবারের অভিযোগ, গত পরশুদিন সুমাইয়া নামের ওই স্কুলছাত্রীকে ফয়সাল লাথি মারেন। এতে শিশুটির মুখে গুরুতর আঘাত লাগে। পরিবারের দাবি, আঘাতের ফলে মুখের সামনের তিনটি দাঁত পড়ে যায় এবং আরও দুটি দাঁত নড়ে যায়। এ ছাড়া মুখে একাধিক ক্ষতচিহ্নের সৃষ্টি হয়েছে বলেও তারা জানান। ঘটনার পর স্থানীয় কয়েকজন ব্যক্তি বিষয়টি মীমাংসার চেষ্টা করেন এবং অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার। পরে ঘটনাটি বরগুনা জেলা পুলিশ সুপারের নজরে আসে। পুলিশ সূত্রে জানা গেছে, বিষয়টি জানার পর বরগুনার পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি ও বেতাগী থানার অফিসার ইনচার্জকে অভিযুক্তকে গ্রেপ্তারের নির্দেশ দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্ত ফয়সালের মাকে আটক করে থানায় নিয়ে যায়। তবে ঘটনার মূল অভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে। এদিকে আহত স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।বেতাগী থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ হাওলাদার জানিয়েছেন দুইজন আসামীর একজনকে গ্রেফতার করা হয়েছে তাকে জেল হাজতে পাঠানো প্রক্রিয়া দিন চলতেছে বাকি আসামীকে গ্রেফতারের অভিযান চলমান রয়েছে বলে জানান।
