
ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে মামলার সন্দিগ্ধ এক রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএন। একই দিনে মাদকসেবনের অভিযোগে আরও এক রোহিঙ্গাকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে চাকমারকুল ও লেদা রোহিঙ্গা ক্যাম্পে পৃথকভাবে এসব অভিযান চালানো হয়। এপিবিএনের দেওয়া তথ্য অনুযায়ী, দুপুর ২টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/৬ এলাকায় অভিযান চালায় চাকমারকুল এপিবিএন ক্যাম্পের টহল দল। অভিযানে টেকনাফ মডেল থানার মামলা নং-৫০, ১২ আগস্ট ২০২৬, দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারার মামলার সন্দিগ্ধ আসামি মো. তারেক (৩১) গ্রেপ্তার হন। পরে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার তারেক চাকমারকুল ক্যাম্পের ব্লক-বি/৬-এর ৫৪ নম্বর শেডের বাসিন্দা। অন্যদিকে, দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে লেদা রোহিঙ্গা ক্যাম্পের ২৪ নম্বর ক্যাম্পের ডি/এলএমএস ব্লকে টহল দেওয়ার সময় এক রোহিঙ্গাকে মাদকসেবনরত অবস্থায় দেখতে পায় এপিবিএন সদস্যরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে আটক করিমউল্লাহ (৩৭)কে ক্যাম্প-২৪-এর সিআইসি কার্যালয়ে হাজির করা হলে সিআইসি খানজাদা শাহরিয়ার বিন মান্নান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারার অপরাধে তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন। দুই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে এপিবিএন।