আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার সাতক্ষীরার আশাশুনিতে মুষলধারে বৃষ্টির মধ্যে পল্লী বিদ্যুতের একটি সিমেন্টের খুঁটি আকস্মিকভাবে ভেঙে পড়ে একটি ইজিবাইকের ওপর। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন পথচারী, স্থানীয় ব্যবসায়ী ও হোটেলে অবস্থানরত লোকজন। তবে খুঁটির নিচে চাপা পড়ে ইজিবাইকটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আশাশুনি বাজার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার ডিস ও ওয়াইফাই লাইনসহ বিভিন্ন সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে আশাশুনি সদরের জনতা ব্যাংক মোড়ে আজহারুলের হোটেলের পাশে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে পল্লী বিদ্যুতের খুঁটিটি ভেঙে রাস্তার ওপর পড়ে যায়। এ সময় খুঁটির সঙ্গে থাকা বিপুলসংখ্যক বৈদ্যুতিক, ডিস ও ইন্টারনেটের তার ছড়িয়ে পড়ে পুরো সড়কে। খুঁটিটি ধান্যহাটি গ্রামের গণেশ মন্ডলের ছেলে ঝন্টু মন্ডলের একটি ইজিবাইকের ওপর পড়লেও সৌভাগ্যক্রমে ওই সময় ইজিবাইকে কোনো যাত্রী বা চালক ছিলেন না। ফলে অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়। পাশের হোটেল ও সড়কে থাকা লোকজনও দৌড়ে নিরাপদে সরে গিয়ে রক্ষা পান। স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর সড়কের ওপর অসংখ্য বৈদ্যুতিক ও ইন্টারনেটের তার ছড়িয়ে পড়ায় জনসাধারণের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। একই সঙ্গে আশাশুনি বাজার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ডিস ও ওয়াইফাই সেবা বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আশাশুনি পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ সংযোগ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে ভেঙে পড়া খুঁটি অপসারণ এবং সংস্কারের কাজ শুরু করেন। আশাশুনি পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী মো. মাহমুদুল হাসান বলেন, “লবণাক্ততার কারণে সিমেন্টের পোলটিতে লোনা ধরে ক্ষত সৃষ্টি হয়েছিল। এরই মধ্যে মুষলধারে বৃষ্টির কারণে পোলটি ভেঙে পড়ে। দ্রুত সংস্কারের কাজ চলছে।” স্থানীয়দের দাবি, জনবহুল আশাশুনি বাজার এলাকায় দীর্ঘদিনের পুরোনো ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি এবং তারগুলো দ্রুত পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। এতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো সম্ভব হবে।