
স্টাফ রিপোর্টার: জয়নাল আবেদীন রাজু বরগুনায় ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)। সেমিনারে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বারটান প্রধান কার্যালয়ের পরিচালক (উপসচিব) রেহেনা আকতার। অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বারটান প্রধান কার্যালয়ের অধ্যক্ষ ড. মো. জামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনার উপপরিচালক এস এম বদরুল আলম। সেমিনারে বক্তারা বলেন, সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবারের বিকল্প নেই। দৈনন্দিন খাদ্যাভ্যাসে প্রয়োজনীয় পুষ্টি উপাদানের সঠিক সমন্বয়, নিরাপদ খাদ্য গ্রহণ এবং যথাযথ নিয়মে খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বক্তারা আরও বলেন, পুষ্টি সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে পুষ্টিকর খাদ্যের সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে অপুষ্টিজনিত বিভিন্ন সমস্যা মোকাবিলা করা সম্ভব। এ ক্ষেত্রে ফলিত পুষ্টিবিষয়ক জ্ঞান সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। সেমিনারে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।