
শাকিল খান লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশ ও সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে কুমিল্লার লাকসামে লাকসাম কালচারাল সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) লাকসাম উপজেলা অডিটোরিয়াম কক্ষে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনব্যাপী এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল-আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্যাহ সবুজ, লাকসাম কালচারাল সেন্টারের প্রধান উপদেষ্টা কামাল হোসেন হেলাল, উপদেষ্টা বিশ্বতম সাহা বিশু ও সাংবাদিক সেলিম চৌধুরী হিরা। সভাপতিত্ব করেন সেন্টারের সাধারণ সম্পাদক (নৃত্য বিভাগ) শিশির দত্ত। আলোচনায় বক্তারা বলেন, শিশুদের মেধা ও মনন বিকাশে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা গুরুত্বপূর্ণ। সংগীত, নৃত্য, আবৃত্তি ও চিত্রাঙ্কনের মতো সৃজনশীল কর্মকাণ্ড শিশুদের আত্মবিশ্বাসী ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। প্রধান অতিথি ইউএনও নার্গিস সুলতানা বলেন, শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে চিত্রাঙ্কন, চিত্র প্রদর্শনী, স্পোকেন ইংলিশ, সংগীত, নৃত্য, আবৃত্তি ও তবলা পরিবেশনা অনুষ্ঠিত হয়।