
নিজস্ব প্রতিবেদক: সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ গুণীজন সম্মাননা স্মারক পেলেন এআর হিউম্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ ফখরুল ইসলাম। জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে দেশের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিকদের মিলনমেলার মধ্য দিয়ে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর, শনিবার, রাজধানীর মিরপুর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দৈনিক মাতৃজগতের সংবাদকর্মী, সাংবাদিক নেতা, বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জাতীয় দৈনিক মাতৃজগতের সম্পাদক এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক মাতৃজগতের সহ-সম্পাদক ও বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের ভারপ্রাপ্ত মহাসচিব রফিকুল ইসলাম, বাংলাদেশ পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি আলম হোসেন খান, সিআইডি পল্লবী নিবিড় ক্যাম্পের পুলিশ ইন্সপেক্টর ও ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ও পেশাজীবী প্রতিনিধি এবং সাংবাদিকরা। অনুষ্ঠানের একপর্যায়ে সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ইঞ্জিনিয়ার মোঃ ফখরুল ইসলামের হাতে গুণীজন সম্মাননা স্মারক তুলে দেন দৈনিক মাতৃজগতের সম্পাদক খান সেলিম রহমান ও উপস্থিত অতিথিরা। সম্মাননা পাওয়ায় ইঞ্জিনিয়ার মোঃ ফখরুল ইসলাম দৈনিক মাতৃজগতের সম্পাদক ও কর্ণধার খান সেলিম রহমান, চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চিফ হাজেরা বিবি লাকী এবং জেলা ব্যুরো চিফ এস এম জসিমের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা ধরে রেখে দৈনিক মাতৃজগত আরও সামনের দিকে এগিয়ে যাবে। তিনি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।