
মোঃ রাসেল শেখ ব্যুরো প্রধান নাটোর : ‘Resilience Starts at Home’—‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে র্যালি, দুর্যোগ মোকাবিলায় মহড়া এবং উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, নলডাঙ্গা, নাটোরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাহিদুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানের শুরুতে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ গোলাম মোস্তফার নেতৃত্বে আগুন নিয়ন্ত্রণসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলার কৌশল নিয়ে মহড়া প্রদর্শন করা হয়। এ সময় দুর্যোগের ঝুঁকি কমানো, অগ্নিকাণ্ডের সময় করণীয় এবং জরুরি পরিস্থিতিতে নিরাপদে মোকাবিলার বিষয়ে বাস্তবভিত্তিক কার্যক্রম তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রকৌশলী মোঃ শমসের হোসেন, পল্লী ও দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিএফ) কর্মকর্তা মোঃ সাহাদত হোসেন, বিশিষ্ট সমাজসেবক ইয়াছিনুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের এ আয়োজনের মাধ্যমে দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম প্রস্তুতি গ্রহণ এবং দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়।