
মোঃ সুমন সরকার: স্টাফ রিপোর্টার। সিরাজগঞ্জ যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ। বুধবার (২৮ অক্টোবর) ভোরে মহাসড়কে মিছিলটি করে নেতাকর্মীরা। দুপুর ১২টার দিকে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হকের ব্যানার ধরে আছেন মিছিলের সামনে থাকা কয়েকজন ব্যক্তি। মিছিলটিতে অন্তত ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী অংশ নেন। তারা শেখ হাসিনা আসবে’সহ বিভিন্ন স্লোগান দেন। ভিডিওতে আরও দেখা যায়, মিছিলের সামনে পুলিশের একটি টহল গাড়ি ছিল। গাড়িতে পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। এ সময় মিছিল থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে একবারে মাইরা ফালামু’ বলতে শোনা যায়। একপর্যায়ে গাড়ির দরজা খোলা হলেও পরে তা বন্ধ করে পুলিশের টহল গাড়িটি ঘটনাস্থল ছেড়ে চলে যায়। মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল করার বিষয়টি জানতে চাইলে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, মিছিলের ভিডিওটি একটু আগেই দেখেছি। তবে মহাসড়কের কোন স্থানে মিছিলটি হয়েছে, সেটা নিদিষ্ট করা বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখে মিছিলের অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান।