
ডিসি সাইফুর রহমান ও পুলিশ সুপার কামরুল হাসানের পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান
মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার
ময়মনসিংহের হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলার ঐতিহাসিক তেলিখালী স্মৃতিসৌধ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।
হালুয়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। এ সময় বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পর ঐতিহাসিক তেলিখালী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে ‘তেলিখালী দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে তেলিখালীর ঐতিহাসিক যুদ্ধের গুরুত্ব, বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহসিকতা ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীরত্বগাথা আমাদের জাতীয় গৌরবের অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের অবদান সম্পর্কে তাদের সচেতন করা অত্যন্ত জরুরি।
বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এদিকে, একইদিনে হালুয়াঘাট উপজেলা পরিষদে একটি বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত ও উন্মুক্ত আলোচনা করা হয়। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের মতামত ও করণীয় নিয়ে আলোচনা হয়।
ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস পালনের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস ও শহিদদের আত্মত্যাগকে নতুন করে স্মরণ করল হালুয়াঘাটবাসী।