সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ভালুকা সেভেন স্টার অ্যান্ড মিনি চাইনিজ রেস্টুরেন্টে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক টেলিভিশনের ভালুকা প্রতিনিধি ও উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব বরকত উল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দ্য এশিয়ান এজ-এর উপজেলা প্রতিনিধি হুমায়ুন আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু। এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, ট্রাফিক ইন্সপেক্টর পলাশ সাহা সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আলোচনা সভায় বক্তারা বলেন, মাত্র এক বছরে বস্তুনিষ্ঠ, সাহসী ও জনবান্ধব সংবাদ পরিবেশনের মাধ্যমে অগ্রযাত্রা প্রতিদিন পাঠকদের আস্থা অর্জন করেছে। আগামী দিনেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে জনস্বার্থে পত্রিকাটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা। বক্তারা আরও বলেন, একটি এলাকার উন্নয়ন ও গণতন্ত্রের জন্য স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা অপরিহার্য। অগ্রযাত্রা প্রতিদিন সেই দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছে। আলোচনা শেষে অতিথিরা কেক কেটে প্রথম বর্ষপূর্তি উদযাপন করেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যে আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করে।
