
মোঃ ছালাম সিনিয়র রিপোর্টার। “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এ শ্লোগানকে সামনে রেখে দেশব্যাপী তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের অন্যান্য উপজেলার মতো একযোগে নেছারাবাদ উপজেলাতেও এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সঙ্গতি রেখে নেছারাবাদ উপজেলা পরিষদ হলরুমে এক বিশেষ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর। নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার জনাব আশিক আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এবারের প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শতাধিক ছাত্র-ছাত্রী অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশ নেয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এই প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূলের মেধাবী শিশু-কিশোর ক্রীড়াবিদদের সঠিক প্রক্রিয়ায় বাছাই করে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের আওতায় আনা সম্ভব হবে।