
মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি বগুড়ার সার্বিক উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেছেন, জেলার সাতটি সংসদীয় আসনে এই উন্নয়ন বরাদ্দ সমানভাবে বণ্টন করা হবে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বগুড়ার করতোয়া কনভেনশন সেন্টারে ‘দৈনিক বগুড়া’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, চলতি সপ্তাহের শেষ দিকে অথবা এ মাসের শেষ নাগাদ প্রধানমন্ত্রী বগুড়া সফরে আসবেন। ওই সফরে তিনি বহুল প্রতীক্ষিত করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণ প্রকল্পের উদ্বোধন করবেন। বগুড়ার উন্নয়ন ঘাটতি পূরণে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক এবং তিনি বগুড়ার মানুষকে হৃদয়ে ধারণ করেন বলেও উল্লেখ করেন মীর শাহে আলম। বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিষয়টি ইতিমধ্যে জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “এটি পাস হলে জেলায় নতুন কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। আমাদের ধৈর্য কম, তাই অনেক সময় আমরা অস্থির হয়ে পড়ি। তবে উন্নয়ন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে এবং একসময় বগুড়ার মানুষকে খুঁজে নেবে।” তিনি বগুড়ার সুনাম ক্ষুণ্ন হয় এমন কোনো কাজ থেকে বিরত থাকার এবং জেলার উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় দেশের সাংবাদিকতায় বগুড়ার সমৃদ্ধ ঐতিহ্য ও অনন্য অবস্থানের ভূয়সী প্রশংসা করেন তিনি। দৈনিক বগুড়ার প্রকাশক রেজাউল করিম বাদশা এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, নানা চড়াই-উতরাই পেরিয়ে দৈনিক বগুড়া আজও মাথা উঁচু করে প্রকাশনা অব্যাহত রেখেছে। জেলার উন্নয়নে ঐকমত্যের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, “সামান্য বিষয় নিয়ে বিভক্ত হয়ে আমরা নিজেরাই জেলার উন্নয়ন বাধাগ্রস্ত করছি। এ অবস্থা থেকে বেরিয়ে এসে বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাসানাত আলী, বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু এবং সাধারণ সম্পাদক কালাম আজাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।