
, শেখ আরিফ বিল্লাহ আজিজীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। প্রতিবেদন: মোহাম্মদ রাহিম বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া। ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধ, রেলওয়ে কলোনিতে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ এবং ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজীর ওপর হামলার প্রতিবাদে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া। এসব ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। সমাবেশ থেকে টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণসহ তিন দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে দীর্ঘদিন ধরে ট্রেনের টিকিট কালোবাজারির কারণে সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। অন্যদিকে রেলওয়ে কলোনিতে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় রেলওয়ের সম্পত্তি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ সময় সংগঠনটির আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজীর ওপর অতর্কিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। তারা বলেন, সাধারণ যাত্রীদের হয়রানি বন্ধ এবং রেলওয়ে স্টেশনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। একই সঙ্গে রেলওয়ের সম্পত্তি অবৈধ দখলমুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা রাখতে হবে। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার উপদেষ্টা আতিকুর রহমান (আপেল), সদস্য সচিব মোহাম্মদ সাবের হোসাইন, আহমদুল্লাহ খান জুবায়ের, সাঈদ আব্দুল্লাহ হিমু, তারিফ হাসান, আল-আমিন, শামীম আহমেদ, দেলোয়ার হোসাইনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে রেলওয়ে কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।