
মোহাম্মদ রাহিম বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জয়নাল আবেদিন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জয়নাল আবেদিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জয়নাল আবেদিন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নসিমপুর গ্রামের হাজী আবু তালেব মিয়ার বাড়ির বাসিন্দা। তিনি মৃত ওসমান গণির ছেলে। পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।