
ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৫ হাজার ৭৬০ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে ১৫ থেকে ২০ জনের চোরাকারবারি দল পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শনিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে বিজয়নগর উপজেলার কামালমোড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুকুন্দপুর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২০০৭/৭-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নিয়ে অভিযান চালায়। এ সময় ভারতের দিক থেকে মাথায় কার্টন নিয়ে ১৫ থেকে ২০ জনের একটি দল বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। বিজিবি সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারিরা কার্টন ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া কার্টন তল্লাশি করে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৫ হাজার ৭৬০ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা। আটক মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নভেম্বর মাসে মাদকসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ বিজিবির তথ্য অনুযায়ী, চলতি নভেম্বর মাসে এ পর্যন্ত ৭ হাজার পিস ইয়াবা, ৭১ কেজি গাঁজা, ১০১ বোতল ইস্কাফ, ৮১ বোতল বিদেশি মদ এবং ৮৮ বোতল বিয়ার জব্দ করা হয়েছে। এছাড়া গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের ২১ নভেম্বর পর্যন্ত এক বছরে সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকদ্রব্যসহ মোট ১১২ কোটি ৩৪ লাখ ৬১ হাজার ৫৭১ টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। এর মধ্যে অন্যান্য চোরাচালানি পণ্যের মূল্য প্রায় ১০৭ কোটি টাকা। এসব অভিযানে ২৪ জনকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, গোয়েন্দা নজরদারি ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে ব্যাটালিয়নটি।