
মোঃ জিয়াউদ্দিন, জেলা বিশেষ প্রতিনিধি (ভোলা):
ভোলা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় চতলা বাজার আনন্দে ভাসছে।
ধলীগৌরনগর ইউনিয়নের নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল থেকেই ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
চতলা বাজারে জিয়া পরিষদ কার্যালয়ের নেতাকর্মীরা জড়ো হয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন এলাকার বিভিন্ন মূল পথ। উচ্ছ্বসিত নেতাকর্মীরা একে অপরকে রঙে রাঙিয়ে আনন্দ উদযাপনে মেতে ওঠেন।
সন্ধ্যার পর লালমোহনের চতলা বাজারে মাসুদ করিম নিরব চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা তামিম মহাজনের উদ্যোগে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি চতলা জিয়া কার্যালয় থেকে শুরু হয়ে চতলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বুট্টু মেম্বারের দোকানের মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় ধলীগৌরনগর ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মাসুদ করিম নিরব ও সাবেক ছাত্রনেতা তামিম মহাজন বলেন, “মেজর হাফিজ উদ্দিন আহমেদ মন্ত্রী হওয়ায় লালমোহন-তজুমদ্দিনসহ সমগ্র ভোলায় উন্নয়নের গতি ত্বরান্বিত হবে। তিনি সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করবেন। আমরা লালমোহনবাসীর পক্ষ থেকে বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ জানাই।”
এ সময় উপস্থিত ছিলেন মাসুদ করিম নিরব চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা তামিম মহাজনসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।