ফরহাদ রহমান
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
সেন্টমার্টিনের গভীর সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে একটি ফিশিং বোটের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে। এতে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে ভাসতে থাকে এবং জেলেরা চরম বিপদের মুখে পড়েন।
পরবর্তীতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১–এর মাধ্যমে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। খবর পেয়ে কোস্ট গার্ড জাহাজ ‘জয় বাংলা’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করে।
অভিযানে ইঞ্জিন বিকল বোটসহ ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় খাবার ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে বোটসহ তাদের মালিকপক্ষের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, সমুদ্রে বিপদগ্রস্ত জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।