
আমিনুল ইসলাম: সিনিয়র স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার ওসি নূরে আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতার সাথে বৈঠকের অভিযোগ উঠেছে। এনিয়ে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে এবং অভিযুক্ত ওসিকে প্রত্যাহারসহ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। রবিবার সকাল সাড়ে ১১টায় গোমস্তাপুর বাজারে সদর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ইউনিয়ন বিএনপি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মার্জুক আহমেদ। সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের সাথে বৈঠক করেছেন ওসি নূরে আলম। বিস্ফোরকসহ সন্ত্রাসী আইনে একাধিক মামলা থাকলেও আ.লীগ ও যুবলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে কোন তৎপরতা দেখা যাচ্ছে না। ওসির কারনে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও তারা নানারকম কার্যক্রম পরিচালনা করলেও পুলিশ কোন পদক্ষেপ নেয় না। এমনকি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা আরও বলেন, সম্প্রতি গোমস্তাপুর উপজেলা নুহু স্ট্যান্ডে একটি মাদক বিরোধী উঠান বৈঠকেও ওসির পাশে বসে থাকতে দেখা যায়, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ন রেজা ও উপজেলা আ.লীগেটর সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জামাল চেয়ারম্যানের ভাতিজা উপজেলা যুবলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মধুকে। যা অত্যান্ত দুঃখজনক। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি ওসিকে প্রত্যাহারের দাবি জানান বিএনপি নেতাকর্মীরা। এনিয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলমের কাছে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে বলেন, মাদক ও সন্ত্রাস বিরোধী উঠান বৈঠকে চেয়ার ফাঁকা থাকায় জান্নাতুল ফেরদৌস মধুকে সেখানে বসানো হয়েছিল। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বশির, চৌডালা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোন্তাজ আলী, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল ইসলাম ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রানা, রাধানগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল রশিদ বিএনপি নেতা সাজ্জাদ আলী সহ এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Reporter Name 


















