
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মহন্দী বাজারে প্রাইভেট পড়তে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রবিন শেখ (৩০) নামে ওই যুবককে আটক করেছে পুলিশ। ভুক্তভোগীর মা জানান, তার মেয়ে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়াশোনা করে। প্রতিদিন ভোরে সে প্রাইভেট পড়তে যায়। আজ ২২ আগষ্ট ভোর ছয়টায় বাড়ি থেকে প্রাইভেট পড়তে বের হয় সে। মহন্দী বাজারে পৌঁছালে মহন্দী গ্রামের হাজের শেখের ছেলে রবিন শেখ তাকে দোকানে ডাকে। সে সরল বিশ্বাসে দোকানের সামনে গেলে রবিন তার হাত ধরে দোকানের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে এলে সে রক্ষা পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবিন শেখকে আটক করে। ছাত্রীকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং রবিন শেখকে আটক করা হয়েছে। অভিযোগ দায়ের করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reporter Name 


















