
মোঃ শাকিল খান রাজু , মনপুরা (ভোলা) প্রতিনিধি আজ ভয়াল ১২ নভেম্বর। উপকূলবাসীর জন্য সবচেয়ে শোকের দিন। ১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল মনপুরা, ঢালচর, হাতিয়া, নিঝুম দ্বীপ, নোয়াখালী, ভোলা, দৌলতখান, চরফ্যাসন, লালমোহন, বরিশাল, পটুয়াখালী, লক্ষীপুর, সন্দীপ, চট্রগ্রাম, বরগুনা, মহেশখালী সহ দেশের বিস্তীর্ণ এলাকার ওপর দিয়ে বয়ে যায় সামুদ্রিক ঘুর্ণিঝড় ও জলোচ্ছ্বাস ‘গোর্কি’। যা ভোলা ঘুর্ণিঝড় নামে পরিচিত। আনুমানিক দেড়শ মাইল বেগের গতিসম্পন্ন ঘুর্ণিঝড় ও ২০-২৫ ফুট উঁচু জলোচ্ছ্বাসে মৃত্যুকুপে পরিণত হয় সমগ্র উপকূল। প্রাণ হারায় লাখ লাখ মানুষ। সেই স্বজন হারানোর ব্যাথা গত ৫৬ বছরে আজও ভুলতে পারেনি উপকূলবাসী। এখনো সেই বিভীষিকাময় রাতের কথা বলতে গিয়ে আজও আতঁকে ওঠেন উপকূলবাসী। ভয়াবহ ও লাখ লাখ স্বজন হারানোর ব্যাথা আজও কাঁদিয়ে তোলে উপকূলবাসীকে। কিন্তু গত ৫৬ বছরে মেলেনি কোন রাষ্ট্রীয় স্বীকৃতি। এই দিনটিকে ‘উপকূল দিবস’ পালনোর দাবী দীর্ঘদিনের। এইদিকে সরকারিভাবে এই দিনটির স্বীকৃতি না পেলে গত ১৫ বছর ধরে ‘একটি দিন হউক উপকূলবাসীর’ সেই স্লোগানকে সামনে রেখে উপকূলীয় এলাকায় ‘উপকূল দিবস’ পালন করছেন উপকূলীয় সাংবাদিকতার পথিকৃৎ রফিকুল ইসলাম মন্টু। আজও লাখ লাখ স্বজনহারা মানুষ এই দিনটির স্মরণে আজও আতঁকে ওঠেন উপকূলবাসী। সেই দিন জলোচ্ছ্বাসে সাগরে ভেসে যাওয়া ও ৭ দিন সাগরে ভেসে থাকা ও জীবিত মনপুরা ফিরে আসা আশিউর্ধ্ব দুই নারী রাহেলা বেগম ও মফিজা খাতুন। তারা ঘটনার বর্ণনা করেন, সেদিন ছিল রমযান মাস। সকাল থেকে আবহাওয়া ঘোমটভাব ছিল। সন্ধ্যা হতেই বাতাসের বেগ বাড়তে থাকে। রাত বাড়লেই উঠানে পানি ওঠে। তিনি স্বামী ও সন্তান নিয়ে ঘরে ছিলেন। হঠাৎ গভীর রাতে প্রচন্ড জোয়ারে ভেসে যান তিনি। পরে একটি কাঠের ওপর ভেসে থাকেন ৭ দিন। সেই সময় তিনি সাগরে লাখ লাখ মানুষের মৃতদেহ ভেসে যেতে দেখেন বলে গুমরে কেঁদে ওঠেন। তিনি মানুষের বাঁচার আকুতির সেই দৃশ্য আজও তাড়া করে বেড়ায় মফিজা খাতুনকে। পরে বঙ্গোপসাগর থেকে একটি বিদেশী জাহাজ উদ্ধার করে তাকে চট্রগ্রাম বন্দর কতৃপক্ষের কাছে দিয়ে যায়। তিনি চট্রগ্রামে ১মাস চিকিৎসা নেওয়ার পর ফের মনপুরায় আসেন সরকারি উদ্যোগে। সেই সময়কার সাগরে ৭ দিন ভেসে থেকে জীবন-মরণ লড়াই করে বেঁচে ফিরে আসা আরেক নারী রাহেলা খাতুন। তার ছেলে সহকারি শিক্ষক আবদুর রব মায়ের কাছ থেকে শোনেন সেই দিনের ঘটনা শুনে বর্ণনা করেন, সেই দিনের জলোচ্ছ্বাসে দুই বোন ও এক ভাইকে হারান তারা। মা রাহেলা খাতুন বন্যার দিন খেজুর গাছে আশ্রয় নেন। পরে বাতাসের বেগ ও প্রচন্ড স্রোতের তোড়ে গাছ থেকে পড়ে যান রাহেলা খাতুন। তারপর খেজুর গাছের ডাল ধরে বেঁচে থাকার প্রাণপণ লড়াই করেন রাহেলা খাতুন। একপর্যায়ে ভেসে যাওয়া কাঠের আলমারীর ধরা অচেনা মানুষের সাথে ভাসতে ভাসতে সাগরে চলে যান মা রাহেলা বেগম। এই সময় তারা লাখ লাখ পশু ও মৃত মানুষ ভেসে যেতে দেখেছেন। দেখেছেন সাপ ও মানুষের বেঁচে থাকার প্রাণপণ লড়াই। পরে কাঠের আলমারীর এক প্রান্তে ধরা অচেনা মানুষ ও অপরপ্রান্তে ধরা রাহেলা খাতুন সাগরে ভাসতে থাকেন ৭ দিন। পরে দূরে সামদ্রিক জাহাজ দেখে কাঠের লাকড়ী ওপর গামছা পেঁছিয়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্ঠা করেন। পরে এক ফরেন জাহাজ রাহেলা খাতুন ও অচেনা মানুষকে উদ্ধার করে চট্রগ্রাম বন্দর কতৃপক্ষের কাছে হস্তান্তর করে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এক মাস চিকিৎসা শেষে সরকারি উদ্যোগে মনপুরায় ফিরে আসে। সেই সময় রাহেলা বেগমের ২৭ বছরের গৃহবধূ ছিলেন। মৃত্যুর আগে দুই বোন ও এক ভাই হারানো ব্যাথা স্মরণ করে রাহেলা বেগম কান্না করতেন জানান ছেলে সহকারি শিক্ষক আবদুর রব। মা বেঁচে থাকার সময় নভেম্বর মাস আসলেই সেই দুঃসহ স্মৃতি স্মরণ করে শোনাতেন। এদিকে ভয়াবহ জলোচ্ছ্বাসে লাখ লাখ মানুষের প্রাণহানির ঘটনাটি ৪ দিন পর ঢাকাসহ বিশ্ব জানতে পারে তখনকার প্রকাশিত দৈনিক পূর্বাদেশ পত্রিকার ভোলা প্রতিনিধি মরহুম এম হাবিবুর রহমানের প্রতিবেদন থেকে। খবরপেয়ে দেড়তলা লঞ্চ নিয়ে উপকূলে মানুষের পাশে দাঁড়ান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখনকার ঘটনার বর্ননা দেন, তৎকালীন ভোলা কলেজ ছাত্রনেতা ও মনপুরা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল লতিফ ভূইয়া, বন্যায় উপকূলবাসীদের পাশে দাঁড়াতে ও খোঁজখবর নিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা থেকে নেতাকর্মীদের নিয়ে দেড়তলা লঞ্চ করে দৌলতখানের চৌকি ঘাট আসেন। সেখানে তখনকার ছাত্রনেতা তোফায়েল আহমেদকে নিয়ে তজুদ্দিন, চরফ্যাসন, ঢালচর, চরকুকরী মুকরী ও মনপুরায় বন্যাকবলিত এলাকায় যান বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু যখন মনপুরায় আসেন তখন মনপুরার রামনেওয়াজ ঘাটে বঙ্গবন্ধুকে রিসিভ করেন সাবেক জ্বালানি সচিব নাজিম উদ্দিন চৌধুরীর পিতা বসরাতউল্লাহ চৌধুরী। বঙ্গবন্ধু বসরাত উল্লাহ চৌধুরীকে খালি গায়ে দেখে তার পড়ানো গায়ের ছাদর পড়িয়ে দেন। তখন বঙ্গবন্ধু বন্যাকবলিত মানুষের পাশে থেকে ত্রান ও খাদ্যসামগ্রী বিতরণ করেন। এছাড়াও বিখ্যাত চিত্র শিল্পী জয়নাল আবেদিন মনপুরার বন্যাকবলিত এলকার দুর্দশা দেখে চিত্রকর্ম আঁকেন। যার নাম দেওয়া হয় ‘মনপুরা-৭০। যা এখনো জাদুঘরে সংরক্ষিত রয়েছে। এদিকে সরকারিভাবে দিবসটি উৎযাপন করা না হলে বেসরকারিভাবে ও নিজস্ব উদ্যোগে দিবসটি পালন করবে বিচ্ছিন্ন দ্বীপ উপকূলের বাসিন্দারা। এই ব্যাপারে মনপুরার হাজিরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, রিপোর্টার্স ইউনিটির সম্পাদক লোকমান হোসেন, সাংবাদিক বনি-আমিন, সজিব মোল্লা, রাজু ও রাকিব হাসান সহ অনেকে জানান, এই উপকূলে ৭০ সালের বন্যায় অধিকাংশা বাসিন্দার মৃত্যুবরণ করে। মৃত্যুকুপে পরিণত হয় মনপুরা উপকূল। স্বজন হারানো ব্যাথা আজও ভুলতে পারেনি। তাই ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবী করেন তারা।
Reporter Name 


















