
দুশ্চিন্তায় উপকূলের কৃষক মোঃ শাকিল খান রাজু , মনপুরা ( ভোলা) প্রতিনিধি চার দিনের টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে হাজার হাজর হেক্টর পাকা আমনের খেতে পানি জমে গেছে। ঝড়ো বাতাস ও বৃষ্টির তোড়ে বেশিরভাগ আমন ফসলের খেত নুয়ে পড়েছে। আমনের ধানের শীষ বৃষ্টির পানিতে ডুবে নষ্ট হওয়ার উপক্রম হইছে। আর কয়েকদিন এই রকম আবহাওয়া হইলে সমস্ত আমনের ফলস নষ্ট হইয়া যাইবো। কথাগুলো বলছেন ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের কৃষক আবদুল হাশিম। তার মতে উপজেলার বেশিরভাগ আমন খেতের পাকা ধান নষ্ট হতে চলেছে। ঘুর্ণিঝড় “আকভানের” প্রভাবে গত চারদিন ধরে মনপুরা উপকূলে রাতভর ঝরছে বৃষ্টি ও বইছে ঝড়ো বাতাস। এতেই উপজেলার ৫ টি ইউনিয়নের ১৫ টি ব্লকে চাষ করা আমন খেতের পাকা ধান নষ্ট হওয়ার পরিস্থিতি হয়েছে। উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের কৃষক মিরাজ ও রাসেলসহ অনেকে জানান, তাদের ব্লকে ৫৯০ হেক্টর জমিতে আমনের চাষবাদ হয়েছে। অসময়ে বৃষ্টিতে বেশিরভাগ জমির পাকা ধান নুয়ে পড়ে গেছে। এতে ধানের শীষ বৃষ্টির পানিতে ডুবে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। তারা আরও বলেন, এবার ধানের দাম কম, বৃষ্টির কারণে ধান সময়মত না কাটতে ও শুকাতে না পারলে লালচে হয়ে যাবে। তখন আরও ধানের দাম কমে যাবে। এছাড়াও জমির খড় বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ায় বিক্রি করা যাবে না। কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার হাজিরহাট ইউনিয়নের তিনটি ব্লকে ১ হাজার ৯ শত ৮২ হেক্টর জমিতে আমন চাষাবাদ হয়। এছাড়াও উত্তর সাকুচিয়া ইউনিয়নে ১ হাজার ৮ শত ৩৩ হেক্টর, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ১হাজার ৮ শত ৬২ হেক্টর, মনপুরা ইউনিয়নে ১ হাজার ৬ শত ৬০ হেক্টর ও কলাতলী ইউনিয়নে ১ হাজার ৭ শত ৩৮ হেক্টর জমিতে আমনের চাষাবাদ হয়। সর্বমোট উপজেলায ৮ হাজার ৯ শত ৯ হেক্টর জমিতে আমন ফসলের চাষাবাদ হয়। আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৬ হাজার ২ শত ৪৭ মেট্রিকটন। সরেজমিনে উপজেলার হাজিরহাট, মনপুরা, উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের আমনের ফসলের খেত ঘুরে দেখা গেছে, বেশির ভাগ আমনের পাকা ধান নুয়ে পড়ে আছে। কোথাও কোথাও আধা পাকা ধান খেতে বৃষ্টির পানিতে ডুবে আছে। কোথাও ধান আধাপাকা আবকর কোথাও পাকা ধান। তবে সকল আমনের খেত বৃষ্টির পানি জমে রয়েছে। ঝোড়ো বাতাসে ফসল নুয়ে পড়ে আছে। উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কৃষক জামাল উদ্দিন, সাইদুর, রাসেল ও আব্বাস সহ অনেকে জানান, ধারদেনা করে আমনের চাষাবাদ করেছি। ফসলও আল্লাহ দিছে। কিন্তু হঠাৎ বৃষ্টিতে আমাদের স্বপ্নের ফসলের মাঠে ছোবল দিছে। বৃষ্টি ও ঝোড়ো বাতাসে খেতের ধান নুয়ে পড়েছে। সময়মতো ধান কেটে ঘরে তুলে শুকানো নিয়ে দুশ্চিন্তায় আছি। আবার বৃষ্টি হানা দিলে সব শেষ হয়ে যাবে। এই ব্যাপারে মনপুরা উপজেলা কৃষি কর্মকর্তা আহসান উল্লা জানান, অসময়ের বৃষ্টিতে আমনের খেতের ফসল নুয়ে পড়েছে। উপজেলার ১৫ টি ব্লকে উপসহকারি কৃষি কর্মকর্তাদে দিয়ে মাঠের কৃষকদের পরামর্শ ও নির্দেশনা দেওয়া হচ্ছে। এছাড়াও মুঠোফোনে ও অনলাইনে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
Reporter Name 


















