ফরহাদ রহমান
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে নাফ নদীসংলগ্ন কেওড়া বাগান এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (৪ অক্টোবর) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন দমদমিয়া বিওপির আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাদিমুড়া পোস্ট ও নোয়াপাড়া টিডিএস পোস্টের মধ্যবর্তী নাফ নদীসংলগ্ন কেওড়া বাগান এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। তল্লাশির একপর্যায়ে কেওড়া বাগানের পাশে কাদার ভেতর লুকিয়ে রাখা অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
Reporter Name 














