
সিনিয়র রিপোর্টার: মোঃ রাকিবুল ইসলাম মিঠু
জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির উদ্যোগে পরিচিতি সভা, দোয়া মাহফিল ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর উত্তরায় মেট্রোরেল সংলগ্ন মেট্রো ফুড কোর্ট রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ঢাকা বিমানবন্দর থানা কমিটির অর্থ সম্পাদক মোঃ মিজানুর রহমান।
ঢাকা বিমানবন্দর থানা কমিটির সভাপতি মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবতাবাদী কর্মকাণ্ডের উদ্যোক্তা সাংবাদিক মোঃ রাকিবুল ইসলাম মিঠু এবং ঢাকা বিমানবন্দর থানা কমিটির উপদেষ্টা মোহাম্মদ মোরশেদ মজুমদার। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মোঃ ফারুক হোসেন বলেন, “জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠালগ্ন থেকেই সাংবাদিক সমাজকে বৈষম্যহীন একটি প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সাংবাদিকতার প্রকৃত শক্তি তখনই বিকশিত হয়, যখন তা ঐক্য, অধিকার ও মানবিকতার সঙ্গে সম্পৃক্ত থাকে। সাংবাদিকতা কেবল একটি পেশা নয়; এটি সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম এবং মানবতার রক্ষাকবচ। সত্য প্রকাশই সাংবাদিকতার মূল লক্ষ্য, আর সেই সত্যই মানবতার সুরক্ষা নিশ্চিত করে।”
এ সময় আরও বক্তব্য রাখেন উপদেষ্টা মোহাম্মদ মোরশেদ মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি দেবাশীষ রায়, সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ কুতুব উদ্দিন বেগ, সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু হাসান রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনি বলেন, “জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ বছরের পথচলা সাংবাদিক সমাজের জন্য এক গৌরবময় ইতিহাস। ১৯৮২ সালে কমলাপুরে প্রতিষ্ঠার মাধ্যমে যে যাত্রা শুরু হয়েছিল, তা আজ হাজারো সদস্যের একটি শক্তিশালী পরিবারে পরিণত হয়েছে। মরহুম আলতাফ হোসেনের দূরদর্শী নেতৃত্ব, অক্লান্ত পরিশ্রম এবং বৈষম্যহীন সাংবাদিক প্ল্যাটফর্ম গড়ে তোলার উদ্যোগ সংগঠনকে আজকের অবস্থানে নিয়ে এসেছে।”
তিনি আরও বলেন, “সাংবাদিকতা কেবল একটি পেশা নয়; এটি মানবাধিকার রক্ষার অন্যতম হাতিয়ার। সত্য প্রকাশ, মানবিক মূল্যবোধ এবং সামাজিক দায়বদ্ধতাই একজন সাংবাদিকের প্রধান শক্তি। তিনি ঢাকা বিমানবন্দর থানা কমিটির নেতৃবৃন্দকে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য, গণমাধ্যমের স্বাধীনতা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিকাশে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।”
অনুষ্ঠানের শেষপর্বে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে নৈশভোজে অংশগ্রহণ এবং পারস্পরিক কুশল বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Reporter Name 


















