
সিনিয়ার স্টাফ রিপোর্টার, গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা হোমিওপ্যাথি ডাক্তার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার (২২ আগস্ট ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার হাতিয়া চৌরাস্তা মোড়ে অবস্থিত ডা. মোঃ সাদেকুল ইসলামের চেম্বার ‘আশা হোমিও হল’-এ এ ফ্রি হোমিওপ্যাথি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে এলাকার বিভিন্ন বয়সী শতাধিক নারী-পুরুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। রোগীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ, রোগ নির্ণয় ও প্রয়োজনীয় হোমিওপ্যাথিক ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে অসহায় ও দরিদ্র মানুষ সন্তোষ প্রকাশ করেন। চিকিৎসা কার্যক্রমে অংশ নেন সুন্দরগঞ্জ উপজেলা হোমিওপ্যাথি ডাক্তার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. এস. এম. মঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক ও মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. মোঃ আতাউর রহমান মুকুল, কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. বিনোদ বিহারী দাস, ডা. মোঃ আফছার আলী তোতা, প্র্যাক. ডা. মোঃ সাদেকুল ইসলাম, ডা. মোঃ সুরুজ্জামান রাঙ্গা, ডা. মনিন্দ্র চন্দ্র সরকার, ডা. মোঃ খালেকুজ্জামান সরকার, ডা. তহমিনা আকতার, ডা. আঃ কুদ্দুস সরকার, ডা. মোঃ সবুজ মিয়া, প্র্যাক. দেবেন্দ্রনাথ সরকার ও প্র্যাক. মোঃ আরিফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। চিকিৎসাসেবা প্রদানকালে চিকিৎসকরা বলেন, “মানবসেবাই আমাদের মূল লক্ষ্য। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করা একজন চিকিৎসকের নৈতিক দায়িত্ব।” তারা আরও বলেন, প্রত্যন্ত এলাকার মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা সহজলভ্য করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা বলেন, প্রত্যন্ত এলাকার নিম্নআয়ের মানুষের জন্য এ ধরনের বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক দরিদ্র মানুষ অর্থের অভাবে সময়মতো চিকিৎসা নিতে পারেন না। এ ধরনের উদ্যোগ তাদের জন্য বিশেষ সহায়ক ভূমিকা রাখছে। ক্যাম্পে চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন পরামর্শ ও সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়। সকাল থেকেই রোগীদের উপস্থিতিতে ক্যাম্প প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা হোমিওপ্যাথি ডাক্তার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মোঃ আতাউর রহমান মুকুল। আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে তাদের সংগঠনের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের মধ্য দিয়ে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
Reporter Name 


















