
এম এ মজিদ নওগাঁঃ নওগাঁর মান্দায় মসজিদের ভেতর প্রবীণ মুসল্লি মামুনুর রশিদকে (৩৮) হাঁসুয়া দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যার প্রধান ও একমাত্র অভিযুক্ত ইসমাইল হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) দুপুরে পার্শ্ববর্তী মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ বাজারের একটি নির্মাণাধীন সেতু এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের শামুকখোল গ্রামের মৃত ফারাতুল্লাহ শাহের ছেলে এবং নিহত মামুনুর রশিদের আপন শ্যালক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট (শনিবার) ফজরের নামাজ চলাকালে শামুকখোল গ্রামের একটি মসজিদের ভেতরে প্রবেশ করে মামুনুর রশিদকে হাঁসুয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন ইসমাইল। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ১৮ আগস্ট (মঙ্গলবার) সকাল ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঘটনার পর থেকে ইসমাইল আত্মগোপনে ছিলেন। বুধবার সকালে নিহতের স্বজনেরা ইসমাইলের অবস্থান টের পেয়ে শিবগঞ্জ এলাকায় তাকে শনাক্ত করেন। পরবর্তীতে মান্দা থানা পুলিশ, মহাদেবপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। হামলার পরপরই নিহতের স্ত্রী নেহেরা খাতুন বাদী হয়ে তার ভাই ইসমাইলের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। পরবর্তীতে মামুনুর রশিদের মৃত্যুর পর আদালত মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন মঞ্জুর করেন।
Reporter Name 



















