
মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) সুরক্ষা ও সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ জেলা ইউনিটের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (IPS Materials) হস্তান্তর করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অষ্টম তলায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ময়মনসিংহ জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) আনোয়ারুল আজিম টুটুল। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ জেলা ইউনিটের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেনের হাতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম, জিয়া পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ডা. মোহাম্মদ আলী সিদ্দিকীসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করা এবং সংক্রমণ প্রতিরোধে এসব সামগ্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রোগীদের সেবা প্রদানের পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার কথাও জানান তারা।
Reporter Name 








