
মোঃ গোলজার হোসেন হীরা, বিশেষ প্রতিনিধি:– সিরাজগঞ্জের শাহজাদপুরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং প্রতিমা বিসর্জনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন।
পূজার সার্বিক প্রস্তুতি ও বিভিন্ন দিক তুলে ধরেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক পৌর সভাপতি ইমদাদুল হক নওশাদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক মিজানুর রহমান, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার সাহা বাণী, সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক কমল সাহা মিন্টু, শাহজাদপুর পৌর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক সরকারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং উপজেলার বিভিন্ন মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
সভায় জানানো হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। পূজার দিনগুলোতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এছাড়া পূজামণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত, আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতার আওতায় আনা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে শাহজাদপুরে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সবশেষে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
Reporter Name 















