
মো. বাবুল হক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের আন্দিপুর মৌজায় আদালতের নির্দেশ অমান্য করে একটি আমবাগান থেকে জোরপূর্বক আম সংগ্রহ ও বাজারজাত করার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, উভয় পক্ষ মুখোমুখি হলে অপ্রীতিকর এমনকি প্রাণহানির ঘটনাও ঘটতে পারে।
অভিযোগ সূত্রে জানা যায়, আন্দিপুর মৌজার আরএস খতিয়ান নং ১২২ ও ১২৩-এর আওতাধীন ৫৯৩ থেকে ৬০১ পর্যন্ত মোট সাতটি দাগে প্রায় তিন একর আয়তনের একটি আমবাগান থেকে আদালতের নির্দেশ উপেক্ষা করে বিবাদীপক্ষ আম সংগ্রহ করে বাজারজাত করেছে।
বাদীপক্ষের প্রতিনিধি মো. এমদাদুল হক অভিযোগ করেন, আদালত ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) উক্ত সম্পত্তির রিসিভার হিসেবে নিয়োগ করলেও বিবাদীপক্ষ তার অনুমতি ছাড়াই আম সংগ্রহ ও বিক্রি করেছে, যা আদালতের আদেশের সুস্পষ্ট লঙ্ঘন।
আদালত সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের মোকাম-ভোলাহাট সিভিল জজ আদালতে চলমান মামলা নং ৪৬/২০২৩-এর ২৫ জুন ২০২৬ তারিখের ৩৬ নম্বর আদেশে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমবাগানটির সুরক্ষা নিশ্চিত করা, আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ এবং সম্পত্তি বেহাত হওয়া প্রতিরোধে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে রিসিভার হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে আম বিক্রির অর্থ সংরক্ষণ এবং বাগানের আয়-ব্যয়ের মাসিক হিসাব আদালতে দাখিলের নির্দেশও প্রদান করা হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংবাদ প্রকাশ পর্যন্ত তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, “রিসিভার-সংক্রান্ত বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বাধীন। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।”
এদিকে, অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে সংবাদে তা যথাযথভাবে প্রকাশ করা হবে।
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আদালতের নির্দেশ যথাযথভাবে বাস্তবায়ন এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
Reporter Name 























