
স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে অভিযান চালিয়ে ৮ রাউন্ড তাজা গুলি, ৫ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোনসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। শনিবার (৮ আগস্ট) র্যাব-১৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত শুক্রবার (৭ আগস্ট) দুপুর ২টা ৫ মিনিটের দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-বি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— সমছিদা (১৭) ও লায়লা খাতুন (৪৭)। তারা উভয়েই কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা। র্যাব জানায়, অভিযানের সময় মহিলা সদস্যদের সহায়তায় দুই নারীকে আটক করা হয়। পরে সমছিদার পরিহিত সেলোয়ারের কোমরে লুকিয়ে রাখা একটি ছোট সাদা কৌটা থেকে ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। অপরদিকে লায়লা খাতুনের দেখানো মতে তার বসতঘরের একটি কক্ষের আলনার পেছনে রাখা প্লাস্টিকের বস্তার ভেতর পাঁচটি পলিথিনে সংরক্ষিত ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র্যাব আরও জানায়, উদ্ধার হওয়া আলামতসহ গ্রেপ্তার দুই নারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৫ জানিয়েছে, মাদক, অবৈধ অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Reporter Name 
























