
তালতলী প্রতিনিধি: এইচ এম রবিউল
বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের সকিনা পাড়া গ্রামের বাসিন্দা হাফেজ নাঈম ইসলাম দীর্ঘদিন ধরে কোমরের নিচের অংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। পরিবারের সর্বস্ব ব্যয় করেও তার চিকিৎসা সম্পন্ন করা সম্ভব হয়নি। বর্তমানে অর্থাভাবে চিকিৎসা ও ওষুধের খরচ চালাতে না পেরে তিনি সমাজের বিত্তবান ব্যক্তি ও সরকারের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, নাঈম ইসলামের চিকিৎসার জন্য তার বাবা, পেশায় একজন জেলে, নিজের মাছ ধরার ট্রলার বিক্রি করেছেন। এছাড়া পরিবারের মালিকানাধীন কিছু জমিও বিক্রি করা হয়েছে। কিন্তু এত কিছুর পরও তার চিকিৎসা সম্পূর্ণ করা সম্ভব হয়নি। বর্তমানে পরিবারটি চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছে।
নাঈম ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে আমার কোমরের নিচের অংশ অচল হয়ে আছে। বর্তমানে আমার দুটি কিডনিতেও সমস্যা ধরা পড়েছে। আমি বাঁচতে চাই। সুস্থ হয়ে আবার আগের মতো মসজিদে ইমামতি করতে চাই। এজন্য আমি সবার কাছে দোয়া ও আর্থিক সহযোগিতা কামনা করছি।”
কান্নাজড়িত কণ্ঠে নাঈমের মা বলেন, “ছেলের চিকিৎসার জন্য আমাদের যা কিছু ছিল, সব বিক্রি করেছি। এখন সংসারে খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে। আমরা সরকারের কোনো সহায়তা পাইনি। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে আমার আকুল আবেদন, আমার সন্তানকে চিকিৎসার সুযোগ করে দিন। আপনাদের সহযোগিতা ছাড়া তাকে সুস্থ করা আমাদের পক্ষে সম্ভব নয়।”
পরিবারের দাবি, দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করা না গেলে নাঈম ইসলামের শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের জরুরি সহযোগিতা কামনা করেছেন তারা।
সহযোগিতা পাঠানোর নাম্বার হাফেজ নাঈম 01826674638
Reporter Name 


















