
মো. সোহাগ মিয়া, সিলেট মহানগর প্রতিনিধি:
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) টিম-০২-এর অভিযানে প্রকাশ্যে তীর-শিলং জুয়া খেলার অভিযোগে দুই ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৫ জুলাই ২০২৬ বিকেল সাড়ে ৩টার দিকে ডিবি টিম-০২ কোতোয়ালী মডেল থানাধীন ঘাসিটুলা পয়েন্টে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মোকাম বাজারের সামনে প্রকাশ্যে টাকার বিনিময়ে তীর-শিলং জুয়া চলছে। খবর পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে বিকেল প্রায় ৩টা ৫০ মিনিটে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় জুয়া খেলায় জড়িত দুই ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় টাকার বিনিময়ে তীর-শিলং জুয়া পরিচালনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ দাবি করেছে।
পুলিশ আরও জানায়, তাদের এ ধরনের কর্মকাণ্ডে এলাকাবাসীর মধ্যে বিরক্তি ও নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছিল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তরা প্রকাশ্যে টাকার বিনিময়ে তীর-শিলং জুয়া পরিচালনার মাধ্যমে সিলেট মহানগরী আইন, ২০০৯-এর ৯৫ ধারা লঙ্ঘন করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একই আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়।
Reporter Name 























