
ফরহাদ রহমান
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় পায়রা পরিবহনের একটি যাত্রীবাহী গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২২ জুন) এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আফসার জানান, দুর্ঘটনায় একজন অনিবন্ধিত রোহিঙ্গা নিহত হয়েছেন। আহত আরও দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
স্থানীয়দের মতে, ব্যস্ত এই মহাসড়কে প্রায়ই বেপরোয়া গতিতে যানবাহন চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। সচেতনতা বৃদ্ধি ও ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের মাধ্যমে এমন দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব বলে মনে করছেন তারা।
Reporter Name 


















