
মো:মিল্টন আলী স্টাফ রিপোর্টার ঝিনাইদহ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)। শুক্রবার (৭ আগস্ট) ভোর ৪টা ৫০ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীন শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৬১/৮-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা গ্রামের শাহজাহানের কলাবাগানে মাদকবিরোধী অভিযান চালানো হয়। সুবেদার মো. তরিকুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি চৌকস দল সেখানে তল্লাশি অভিযান পরিচালনা করে। তল্লাশির একপর্যায়ে কলাবাগানের ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় ১১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় মদের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য প্রবেশ ঠেকাতে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
Reporter Name 



















