
নিজস্ব প্রতিবেদক, খুলনা | ১৩ আগস্ট ২০২৬ খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাওয়ালী গ্রামে একটি বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) দিবাগত রাতে গাজী মো. আব্দুল আলীমের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে কয়েক লাখ টাকার মূল্যবান মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, চাকরির সুবাদে গাজী মো. আব্দুল আলীম ঢাকায় অবস্থান করেন। তার স্ত্রী স্বামীর বাড়িতে একা থাকতে না পারায় একই ইউনিয়নের হাসিমপুর গ্রামে বাবা-মায়ের সঙ্গে বসবাস করেন। মাঝে মধ্যে তিনি দিনের বেলায় স্বামীর বাড়িতে এসে বাড়িঘর দেখে যান। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। এই সুযোগে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে ঘরের দরজার ছিটকানি ও হ্যাসবোল্ট খুলে বিভিন্ন মালামাল নিয়ে যায়। যাওয়ার সময় তারা ঘরের বৈদ্যুতিক তার কেটে ব্যাপক ক্ষতিসাধন করে বলেও অভিযোগ করা হয়েছে। চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে—দুটি সিলিং ফ্যান, একটি টেবিল ফ্যান, দুটি আইপিএস, কয়েকটি স্ট্যাবিলাইজার, বৈদ্যুতিক বাল্ব, গ্যাসের চুলা ও সিলিন্ডার, রাইস কুকার, বিভিন্ন আকারের হাঁড়ি-পাতিল ও কড়াই, থালা-বাসন, গ্লাস, বাটি, গামলা, বালতি, মগ, সাবান কেস, তেলের বোতলসহ বিভিন্ন গৃহস্থালি সামগ্রী। এছাড়া পিতল ও কাঁসার সামগ্রী, দামি কোট ও পোশাক, গুরুত্বপূর্ণ কাগজপত্র, বেকারি ব্যবসার বিভিন্ন সরঞ্জাম ও হিসাবের খাতা এবং পাঞ্চ মেশিনও চুরি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী। বাড়িতে থাকা দা, শাবল, বঁটি, কুঠার, কোদাল, কুরুনসহ বিভিন্ন গৃহস্থালি সরঞ্জামও নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। ভুক্তভোগী গাজী মো. আব্দুল আলীমের দাবি, চুরি যাওয়া মালামাল ও ক্ষয়ক্ষতি মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা ছাড়িয়ে যাবে। এদিকে, বাড়িঘর দেখাশোনার দায়িত্বে থাকা প্রতিবেশী একরামুল হোসেন ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। তিনি জানান, নিয়মিত বাড়িটির খোঁজখবর রাখতেন। তবে কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে তিনিও হতবাক। জায়গা-জমি নিয়ে বিরোধের অভিযোগ চুরির পেছনে পারিবারিক বিরোধ অথবা জায়গা-জমি সংক্রান্ত পূর্ববিরোধের বিষয়টি জড়িত থাকতে পারে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগী। তবে এ বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা করছে। ঘটনার পর বিষয়টি পাইকগাছা থানা পুলিশকে জানানো হলে এসআই সুকান্ত সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। গাজী মো. আব্দুল আলীম বলেন, “চাকরির সুবাদে আমি ঢাকায় থাকি এবং আমার স্ত্রীও বাপের বাড়িতে থাকে। এই সুযোগে চোরেরা জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে আমাদের মূল্যবান মালামাল নিয়ে গেছে।” পাইকগাছা থানা পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 



















