
ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের টেকনাফে প্রাইভেটকারের স্টিয়ারিংয়ের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় প্রাইভেটকারের চালক মো. শাহ আলম (২৮)কে আটক করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাত ১১টা ১৫ মিনিটের দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শিলখালী চেকপোস্টে এ অভিযান পরিচালনা করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, টেকনাফ থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসা একটি প্রাইভেটকার শিলখালী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা গাড়িটিতে তল্লাশি চালান। এ সময় চালকের স্টিয়ারিংয়ের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি ছোট পোটলা থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে প্রাইভেটকারসহ চালক শাহ আলমকে আটক করা হয়। আটক শাহ আলম উখিয়া উপজেলার মরিচ্যা ঘুরায়ার দ্বীপ গ্রামের মো. সৈয়দের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন বলে বিজিবির কাছে স্বীকার করেছেন। প্রাইভেটকারটি আরও তল্লাশি করা হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি। উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
Reporter Name 


















