
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার সাতক্ষীরায় কৃষক জিতেন মন্ডল (৫৮) কে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে ভারতে পালিয়ে যাওয়ার পর বিএসএফের হাতে আটক হয়েছেন দুই খুনি। শনিবার (২২ আগস্ট) ভোরে ভারতের বসিরহাট মহাকুমার স্বরুপনগর থানার আমুদিয়া ক্যাম্পের বিএসএফ টহলদল তাদেরকে আটক করে বলে সীমান্ত সূত্রে নিশ্চিত হওয়া গেছে। সাতক্ষীরা চারাবাড়ি সীমান্ত দিয়ে তারা ভারতে প্রবেশ করে। আটককৃতরা হলেন, নিহতের কাকা পাঁচু মন্ডলের ছেলে তপন (৩০) ও ভগেন (৩৫)। কৃষক জিতেন মন্ডল সাতক্ষীরা সদর উপজেলার গড়িয়াডাঙ্গা গ্রামের ছিরু মন্ডলের ছেলে। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার (২১ আগস্ট ) সকালে জিতেন মন্ডলকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করা হয়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাতে তার মৃত্যু হয়। গড়িয়াডাঙ্গা গ্রামের ইউপি সদস্য মফিজুল ইসলাম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে তাদের ভাইদের মধ্যে শুক্রবার মারামারি হয়। মারামারিতে জিতেন মারাত্মকভাবে আহত হয়। খুলনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জিতেন মারা যায়। স্থানীয় বাঁশদহা ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান জানান, পাচুর ছেলে তপন ও ভগনের সাথে ছিরুর ছেলে জিতেনের জমি জমা নিয়ে বিরোধ ছিল। শুক্রবার এই নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এই মারামারিতে জিতেন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, নিজেদের মধ্যে মারামারিতে গড়িয়াডাঙ্গা গ্রামের জিতেন চিকিৎসাধীন অবস্থায় খুলনায় মারা গেছে। তাদের হত্যাকারী তপন ও ভগেন ভারতে পালানোর সময় বিএসএফের হাতে আটক হয়েছে। এ ব্যাপারে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। পুলিশের পক্ষ থেকে বিজিবির সাথে যোগাযোগ রাখা হয়েছে। তাদের ফেরত পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Reporter Name 


















